ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

মাদক কারবারিদের কৌশলে ছেড়ে দেওয়ার অভিযোগ

মাদক কারবারিদের কৌশলে ছেড়ে দেওয়ার অভিযোগ
×

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৮:১৭

| প্রিন্ট সংস্করণ

কেন্দুয়ায় মাদক বেচাকেনার অভিযোগে তিনজনকে ধরে পুলিশে দেয় স্থানীয় জনতা। তবে পুলিশ কৌশলে তাদের ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে নেমেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
অভিযোগ রয়েছে, সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামের আজিজুল হক, তাঁর স্ত্রী ছালেহা ও ছেলে আসাদুল দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছেন। এলাকাবাসী বারবার নিষেধ করার পরও মাদক বেচাকেনা ছাড়ছিলেন না তারা। একপর্যায়ে গত শুক্রবার বিকেলে তাদের বাড়িতে গিয়ে মাদক বেচাকেনা বন্ধ করতে বলেন সাহিতপুর গ্রামের কাজল মিয়া। এতে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কাজলকে মারধর করেন আজিজুল ও তাঁর স্বজনরা। এই খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আজিজুলের বাড়িতে ছুটে যান। সেখানে আজিজুল, তাঁর স্ত্রী ও ছেলেকে মারধর করে পুলিশে দেয়। পরে কৌশলে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, আজিজুল হক, তাঁর স্ত্রী ছালেহা ও ছেলে আসাদুলকে আহত অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে এক্স-রে করার কথা বলে কৌশলে আসাদুল পালিয়ে যায়। তাঁর স্ত্রী ছালেহা বেগমও প্রাথমিক চিকিৎসা নিয়ে গোপনে চলে যান। আজিজুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজিজুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। 
কেন্দুয়া থানার ওসি মেহেদি মাকসুদের ভাষ্য, আজিজুল হকসহ তিনজনকে উদ্ধারের সময় কোনো মাদক ছিল না। তবে তাঁকে ছেড়ে দেওয়ার বিষয়টি সত্য নয়। বিভাগীয় তদন্ত চলছে।

আরও পড়ুন

×