ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ফরিদপুরে ডিবি হেফাজতে আটক যুবকের মৃত্যু

ফরিদপুরে ডিবি হেফাজতে আটক যুবকের মৃত্যু
×

মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত। ছবি: সংগৃহীত

ফরিদপুর অফিস

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৪:০৩ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৫:০৬

ফরিদপুরে মাদকসহ আটকের পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, পুলিশের নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।

নিহত প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মৃত মির্জা এসকেন্দারের ছেলে এবং ফরিদপুর আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা মারা যাওয়ার পর তিনি স্থানীয় চিনিকলে চাকরি করে সংসার চালাতেন বলে পরিবার জানিয়েছে।

পুলিশের বরাতে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় গোন্দারদিয়া এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তাকে মধুখালী থানায় নেওয়া হয়। পরবর্তীতে ভোরে ফরিদপুরে এনে ডিবি হেফাজতে রাখা হয়। ভোরের দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দাবি করেছে, কোনো নির্যাতন করা হয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, শ্বাসকষ্ট ও স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

ডিবির ওসি মো. আলমগীর হোসেন জানান, তাকে ভোরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ওই সময় কক্ষে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা ছিল এবং আটক ব্যক্তি নিজেই শ্বাসকষ্টের কথা জানিয়েছিলেন।

এদিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রান্তকে আটক করার সময় মারধর করা হয় এবং পরবর্তীতে ডিবি হেফাজতে নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, মাদক আইনে তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতাও যাচাই করা হচ্ছে।
 

আরও পড়ুন

×