ফরিদপুরে ডিবি হেফাজতে থাকা যুবকের মৃত্যু
মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত। ছবি: সংগৃহীত
ফরিদপুর অফিস
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৪:০৩ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৫:৩৮
ফরিদপুরে আটকের পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, তাকে মাদকসহ আটক করা হয়েছিল। পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।
নিহত প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মৃত মির্জা এসকেন্দারের ছেলে এবং ফরিদপুর আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। বাবা মারা যাওয়ার পর তিনি স্থানীয় চিনিকলে চাকরি করে সংসার চালাতেন।
পুলিশের বরাতে জানা যায়, শনিবার সন্ধ্যায় গোন্দারদিয়া এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তাকে মধুখালী থানায় নেওয়া হয়। ভোর চারটায় তাকে অন্য আসামীদের সাথে রাখা হয়। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দাবি করেছে, কোনো নির্যাতন করা হয়নি। শ্বাসকষ্ট ও স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।
ডিবির ওসি মো. আলমগীর হোসেন জানান, ভোরে অসুস্থ অবস্থায় প্রান্তকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আটক ব্যক্তি নিজেই শ্বাসকষ্টের কথা জানিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। এদিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রান্তকে আটক করার সময় মারধর করা হয় এবং পরে ডিবি হেফাজতে নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে।
প্রান্তকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান। তার সঙ্গে তোলা একটি ছবি সংযুক্ত করে ফেসবুক পোস্টে রিয়ান লিখেছেন- 'গতকাল রাতে মধুখালি উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত মির্জাকে তার বাসা থেকে ফরিদপুর ডিবি পুলিশ গ্রেফতার করে এবং আজ সকালে দেখা গেলো ফরিদপুর মেডিকেলে তার মৃত্যুবরণ ঘোষণা করা হয়।'
এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় অনেক নেতা নিহত প্রান্তকে ছাত্রলীগ কর্মী বলে সামাজিকমাধ্যমে উল্লেখ করেন। তবে আগে সংগঠনটির সঙ্গে জড়িত থাকলেও সাম্প্রতিক সময়ে কোনো পদে ছিলেন না বলে তার স্বজনরা জানিয়েছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, 'প্রাথমিক পর্যবেক্ষণে প্রান্তর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।' মাদক আইনে তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।
- বিষয় :
- ফরিদপুর
- যুবকের মৃত্যু
