‘ইয়াবা সেবনের’ ভিডিও ভাইরাল
সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি
ছবি: ভিডিও থেকে নেওয়া
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৪:৫৪ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৫:১৯
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের ‘ইয়াবা সেবনের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে অব্যাহতি ও গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে উপজেলা বিএনপি গত মঙ্গলবার রাতেই তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়। একই সঙ্গে ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
শনিবার রাতে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর উপজেলা বিএনপি সাংগঠনিক ব্যবস্থা হিসেবে সাইদুল ইসলামকে সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়। পাশাপাশি গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির কমিটিও বিলুপ্ত করে এস এম কায়কোবাদকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা এবং সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন ও এম ইউ আহাম্মেদ মোশাররফ স্বাক্ষরিত অব্যাহতিপত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাইদুল ইসলামকে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। আজ থেকে তার সঙ্গে দলীয় কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হলে সেটি তার ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে।
যোগাযোগ করা হলে সাইদুল ইসলাম বলেন, ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাটি পরিকল্পিত। শনিবার বিকেলে তদন্ত করা হয়েছে। আমার পক্ষে বেশিরভাগ লোকজন কথা বলেছেন। তদন্ত কমিটির সদস্যরা চলে যাওয়ার পর আমাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে চিঠি পেয়েছি। ইউনিয়ন বিএনপির কমিটি ভেঙে দেওয়ার বিষয়টিও আমি জেনেছি।
আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল শনিবার রাতে বলেন, মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সাইদুল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল। বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাকে ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
- বিষয় :
- বিএনপি
- কমিটি
- ইয়াবা
- ভিডিও ভাইরাল
- আক্কেলপুর
