ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

সেতু ভেঙে খালে ট্রাক, প্রাণ গেল চালকের

সেতু ভেঙে খালে ট্রাক, প্রাণ গেল চালকের
×

ভোলার লালমোহনে লোহার সেতু ভেঙে পড়ে যাওয়া ট্রাক। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর উমেদ গ্রামে -সমকাল

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৭:৫২

| প্রিন্ট সংস্করণ

ভোলার লালমোহনে ঝুঁকিপূর্ণ লোহার সেতু ভেঙে একটি বালুবোঝাই ট্রাক খালে পড়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর উমেদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান চালক মো. নাঈম (২৫)। গুরুতর অবস্থায় তাঁর সহকারী আল আমিন (১৪) ভোলা জেনারেল হাসপাতালে আছেন।
সেতুটি ভেঙে যাওয়ায় দুই গ্রামের কয়েক হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তাদের ভাষ্য, কয়েক দশক আগে স্থানীয় খালে লোহার কাঠামোর ওপর সেতুটি নির্মাণ করা হয়। সাম্প্রতিক সময়ে এটি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। গতকাল দুপুর সোয়া ১টার দিকে বালুবোঝাই ট্রাক নিয়ে চরমোল্লাদি গ্রামের দিকে যাচ্ছিলেন চালক মো. নাঈম ও তাঁর সহকারী আল আমিন। ট্রাকটি সেতুর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ তা ভেঙে খালে পড়ে যায়। এ সময় গুরুতর আহত চালক ও সহকারীকে উদ্ধার করে স্থানীয় লোকজন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 
লালমোহন থানার উপপরিদর্শক নুর আমিন বলেন, কর্তব্যরত চিকিৎসক চালক নাইমকে মৃত ঘোষণা করেন। আল আমিনকে রেফার করা হয়।

আরও পড়ুন

×