ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

১১০ প্রাথমিকের ৫০টিতেই প্রধান শিক্ষক নেই

১১০ প্রাথমিকের ৫০টিতেই প্রধান  শিক্ষক নেই
×

আমজাদ হোসাইন নাহিদ, সোনাগাজী (ফেনী)

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৮:২৯

| প্রিন্ট সংস্করণ

ফেনীর সোনাগাজীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১০টি। এর মধ্যে ৫০টিতেই নেই প্রধান শিক্ষক। পাশাপাশি এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৬২টি পদও শূন্য। ফলে বিদ্যালয়গুলোতে প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান বাধাগ্রস্ত হচ্ছে। 

উপজেলার চর কান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেড় শতাধিক শিক্ষার্থী আছেন। তাদের জন্য সহকারী শিক্ষক আছেন তিনজন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে আছেন মো. রফিক উল্যাহ। তিনি বলেন, ২০২২ সালে প্রধান শিক্ষক অনাথ চন্দ্র দাস অবসরে যান। জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে এর পর থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এখানে শিক্ষার্থী বেশি, তাই কাজের চাপ বেশি। 

উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলমের ভাষ্য, পূর্ণকালীন প্রধান শিক্ষক ছাড়া বিদ্যালয় চালানো অনেক কঠিন। পদোন্নতিসংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে মামলা চলছে। এ কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৬টিতে স্থায়ী প্রধান শিক্ষক আছেন। বাকিগুলোর মধ্যে ২৪টিতে চলতি দায়িত্বে আছেন শিক্ষকেরা। ৫০টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। উপজেলায় সহকারী শিক্ষকের ৬৭২টি অনুমোদিত পদ থাকলেও  কর্মরত আছেন ৬১০ জন।
দপ্তরেও জনবল সংকট
এসব বিদ্যালয় তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের চিত্র আরও করুণ। শিক্ষা কর্মকর্তাসহ ১১টি পদ থাকলেও কর্মরত আছেন তিনজন। এসব স্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম তাহেরুল ইসলাম বলেন, উপজেলায় প্রধান শিক্ষক পদে ৩৫ শতাংশ সরাসরি নিয়োগ হয়। ৬৫ শতাংশের পদায়ন হয় পদোন্নতির মাধ্যমে। পদোন্নতির মাধ্যমে যারা প্রধান শিক্ষক হবেন, তাদের নামের তালিকা মন্ত্রণালয়ে জমা আছে। অনুমোদন হলে পদ পূরণ হবে। অন্যদের পদোন্নতির নথি অধিদপ্তরে আছে। 

আরও পড়ুন

×