ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ধর্ষণ শেষে নদে চুবিয়ে শিশু হত্যায় চার্জশিট

ধর্ষণ শেষে নদে চুবিয়ে শিশু হত্যায় চার্জশিট
×

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৮:৩৩

| প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পাঁচ বছর বয়সী শিশুকে দলবদ্ধ ধর্ষণের পর কংস নদে চুবিয়ে হত্যা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। এর আগে ১৫ জুন ধর্ষণ ও হত্যা মামলাটি করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মামলার তদন্ত কর্মকর্তা ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম চার আসামির বিরুদ্ধে এই চার্জশিট দেন।
জানা গেছে, গত ১৪ জুন বিকেলে স্থানীয় বাজার থেকে চিপস কিনে বাড়ি ফিরছিল পাঁচ বছরের শিশুটি। মাগরিবের আজানের ঠিক আগমুহূর্তে কদম ফুল দেওয়ার কথা বলে কংস নদের পাড়ে একটি জঙ্গলে নিয়ে যায় চার তরুণ। সেখানে শিশুটিকে ধর্ষণ করে ও এক পর্যায়ে শিশুটি নিস্তেজ হয়ে পড়লে তাকে জীবিত অবস্থাতেই কংস নদে ফেলে দেওয়া হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে চারজন মিলে পানির নিচে তাকে চেপে ধরে এবং লাশ নদীর তলদেশে পুঁতে রাখে। একই দিন সন্ধ্যায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি থেকে ৫০০ গজ দূরে কংস নদের বাঁক থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্থানীয়রা। রাতেই দাফনের উদ্দেশ্যে গোসল করানোর সময় শরীরে স্পর্শকাতর স্থানে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন দেখে দাফন স্থগিত করে পুলিশে খবর দেয় পরিবার। পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়।
হত্যাকাণ্ডের পর দ্রুত অভিযানে নামে পুলিশ। ঘটনার পরদিনই মারুফ মিয়া, আরিফ মিয়া এবং রাকিব মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর সায়েম হাসান এক তরুণকে আটক করে পুলিশ। ধোবাউড়া উপজেলার বাসিন্দা এই চার আসামির সবাই আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে।
অভিযোগপত্র জমা দেওয়ার পর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান সমকালকে জানান, ঘটনার এক দিনের মধ্যেই সব আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। ৩-৪ দিনের মধ্যে ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট সংগ্রহ করার জন্য জেলা পুলিশের চার কর্মকর্তার সমন্বয়ে সব তদারকি করা হয়েছে। আসামিদের তিনজন প্রাপ্ত বয়স্ক, একজন শিশু। তাদের মধ্যে একজনের বিচার হবে শিশু আদালতে।
 

আরও পড়ুন

×