ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার
×

পড়ে থাকা বোমাসদৃশ বস্তু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৭:৪১

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখা একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বস্তুটি উদ্ধার করা হয়। 

এদিন বেলা ১০টার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি ফটকের পাশে সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে মৎস্য কমিটির সদস্যদের অবহিত করেন। পরে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, হঠাৎ করে জনবহুল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রবেশপথে এ ধরনের বস্তু পড়ে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তার স্বার্থে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ কয়েকজন নেতা অভিযোগ করেন, উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তুটিতে ‘জয় বাংলা’ লেখা থাকায় তাদের ধারণা, এটি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকদের নাশকতামূলক পরিকল্পনার অংশ হতে পারে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে। সেটি থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বস্তুটির প্রকৃত রূপ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন

×