হত্যা মামলায় উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৪
গ্রেপ্তার ৪ জন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৮:৪৬ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১৯:৪৩
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পারিবারিক কলহের জেরে আতিকা খাতুন নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান আলীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় এক মাস পর গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নিহত আতিকা খাতুনের স্বামী প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।
গ্রেপ্তারকৃতরা হলেন- তাড়াশ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী, তাঁর ভাই মো. আলাউদ্দিন ও মো. আল আমিন এবং আলাউদ্দিনের স্ত্রী শিউলী খাতুন। শাহজাহান, আলাউদ্দিন ও আল আমিন ওই গ্রামের মো. এন্তাজ আলীর ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ২৮ মে দিবাগত গভীর রাতে পারিবারিক কলহের জেরে আতিকা খাতুনকে তার স্বামী প্রভাষক আব্দুল্লাহ আল মামুন প্রথমে মারধর করেন। একপর্যায়ে ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে আতিকার বুকের বাম পাশে আঘাত করেন তিনি। আতিকার চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর থেকেই নিহতের স্বামী মামুনসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। এ ঘটনার প্রায় এক মাস পর পুলিশ মামলার মূল পৃষ্ঠপোষক ও সহায়তাকারী হিসেবে চার আসামিকে গ্রেপ্তার করতে পারলেও প্রধান অভিযুক্ত প্রভাষক আব্দুল্লাহ আল মামুন এখনও পলাতক।
বুধবার তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের দুপুরে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি মামুনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- জামায়াতে ইসলামী
- গ্রেপ্তার
