শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ম্যানেজার আটক, রেস্টুরেন্টে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
ছবি: সংগৃহীত
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৯:২৩
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের একটি রেস্টুরেন্টে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আমির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই রেস্টুরেন্টে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়।
বুধবার বেলা ১১টার দিকে ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন জাফলং চাইনিজ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আমির হোসেন দারিয়াপুর বাজারের জয়নাল মিয়ার ছেলে। তিনি ওই রেস্টুরেন্টের ম্যানেজার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভেড়ামারা জাফলং চায়না রেস্টুরেন্টের ম্যানেজার আমির আলী ভুক্তভোগী ওই শিশুকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। দুপুর ২টার দিকে স্থানীয়রা খবর পেলে রেস্টুরেন্টটিতে গিয়ে অভিযুক্ত আমির হোসেনকে অবরুদ্ধ করে রাখেন।
পরে গাইবান্ধা সদর থানা পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর উত্তেজিত জনতা রেস্টুরেন্টটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুমঙ্গল কুমার জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- গাইবান্ধা
- রেস্টুরেন্ট
- ধর্ষণচেষ্টার অভিযোগ
- আটক
