ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

প্রবাসীদের বিনিয়োগ ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে ডিসেম্বরে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট

প্রবাসীদের বিনিয়োগ ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে ডিসেম্বরে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট
×
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক ‎

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৪:২৩ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ১৫:৪১

প্রবাসী বাংলাদেশিদের অর্জিত জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগ সক্ষমতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর রাজধানীর শেরাটন হোটেলে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের কথা রয়েছে।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সামিটের পরিকল্পনা ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা। এতে এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহা. সাহিদুজ্জামান ট্রিকসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের সম্পর্ক জোরদার, দেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি এবং আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণ এ সম্মেলনের অন্যতম লক্ষ্য। প্রবাসী উদ্যোক্তা, আন্তর্জাতিক বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, কূটনীতিক ও উন্নয়ন পেশাজীবীদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করা হবে।

সামিটকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে বিভিন্ন দেশে প্রচার ও প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে যুক্তরাজ্য ও ফ্রান্সে সংবাদ সম্মেলন করেছে আয়োজক সংগঠন। এ ছাড়া কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, দুবাই এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে বৈঠক করেছেন সংগঠনের প্রতিনিধিরা। এসব উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সম্মেলনে যুক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণের চেষ্টা চলছে।

দুই দিনের সম্মেলনে আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এসব বিষয়ে প্যানেল আলোচনা, কৌশলগত সংলাপ ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন রাখা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিদেশি ও প্রবাসী বিনিয়োগ আকৃষ্ট করার নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ, যৌথ উদ্যোগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়বে।

আয়োজকদের মতে, প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এনআরবি ওয়ার্ল্ড সামিট সেই অভিজ্ঞতা ও সক্ষমতাকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে যুক্ত করার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামান তরিক, প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, পরিচালক আনিসুল কবির জাসির, পরিচালক রেহান রেজা এবং আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আসন্ন সামিটের লক্ষ্য, পরিকল্পনা, কর্মসূচি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

আরও পড়ুন

×