ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

কলকাতায় নির্মাণাধীন গোডাউনের শেড ধসে নিহত ৩, আটকা বহু শ্রমিক

কলকাতায় নির্মাণাধীন গোডাউনের শেড ধসে নিহত ৩, আটকা বহু শ্রমিক
×

ছবি-ভিডিও থেকে নেওয়া

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৯:১৩

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার তারাতলা এলাকায় নির্মীয়মাণ একটি গোডাউনের শেড ধসে ৩ জন নিহত হয়েছে। এছাড়া অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার তারাতলা ব্রেসব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তিনতলা বিশিষ্ট গোডাউনটির নির্মাণকাজ চলছিল। ভবনের উপরের দুই তলার ঢালাইয়ের কাজ আগে থেকেই সম্পন্ন হয়েছিল। বুধবার একতলার ছাদ ঢালাইয়ের সময় হঠাৎ করে কাঠামোর একটি অংশ ভেঙে পড়ে। পরে সেটি মেরামত করে পুনরায় কাজ শুরু করার চেষ্টা চলাকালে গোটা টিনশেড ও লোহার কাঠামো হুড়মুড়িয়ে ধসে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ভবনের ভেতরে বহু শ্রমিক ও কর্মচারী অবস্থান করছিলেন। সেখানে একটি অস্থায়ী অফিসও ছিল, যেখান থেকে নির্মাণকাজ তদারকি করা হচ্ছিল। ফলে ধ্বংসস্তূপের নিচে বিপুলসংখ্যক মানুষ আটকা পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সরকারি হিসাবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা দুইজন বলে দাবি করা হয়েছে।

এদিকে এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানিয়েছে এ ঘটনায় ৩ জন মারা গেছেন। 

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্যরা পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বড় বড় লোহার বিম গ্যাস কাটারের সাহায্যে কেটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ক্রেন ও জেসিবি মেশিন।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য এলাকায় একাধিক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে এবং ‘গ্রিন করিডোর’ তৈরি করা হয়েছে। তবে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।

স্থানীয় বিজেপি নেতা রাকেশ সিং দাবি করেছেন, এ ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

×