কিশোরী ধর্ষণের অভিযোগে তরুণের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা
সুমন মিয়া
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৯:৫৪
হবিগঞ্জের লাখাই উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া নামে এক তরুণকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ সময় তার মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরানো হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আজ বুধবার উপজেলার ভাদিকারা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুমন মিয়া উপজেলার ভাদিকারা গ্রামের জিতু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে কৌশলে ওই কিশোরীকে ধর্ষণ করে সুমন মিয়া। লোকলজ্জা ও ভয়ে ভুক্তভোগী কিশোরী বিষয়টি প্রথমে গোপন রাখে।
একপর্যায়ে কিশোরী তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা অভিযুক্ত সুমন মিয়াকে নিজ গ্রাম থেকে আটক করে এনে মারধর করে। পরে তার মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে লাখাই থানায় নিয়ে গিয়ে পুলিশে সোপর্দ করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, অভিযুক্ত তরুণকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ধর্ষণের অভিযোগের পাশাপাশি আইন নিজের হাতে তুলে নিয়ে ওই তরুণের মাথা ন্যাড়া করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।
