মদ খেতে লাইসেন্স লাগে, কোন দেশের আইন জানি না: সংসদে স্বতন্ত্র এমপি
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ২২:১৩
বাংলাদেশে মদপানে লাইসেন্সের বাধ্যকতার বিষয়ে ইঙ্গিত করে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) শেখ মুজিবুর রহমান ইকবাল বলেছেন, গাড়ি চালাতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাতে লাইসেন্স, দোকান চালাইতেও লাইসেন্স লাগে। এখন শুনি, মদ খাইতেও নাকি লাইসেন্স লাগে। এটা কোন দেশের আইন, আমি জানি না।
আজ বৃহস্পতিবার বাজেটের ওপর সাধারণ আলোচনায় শেখ ইকবাল এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে এমপি এমন বিষয় তুলে ধরেন।
শেখ ইকবাল বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটা কথা না বললেই না। মদ কি মাদক? কারণ, পুলিশ একটা ব্যবসা পেয়েছে। এক বোতল মদ পেলে মানুষকে মামলা দেয়।’
শেখ মুজিবুর রহমান ইকবাল আরও বলেন, দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি বেশি ভালো না। এজন্য পুলিশের বাজেট বাড়ানো দরকার। কারণ, এলাকার বিভিন্ন থানার টহল দেওয়ার গাড়ি নেই। পুলিশের টহল না বাড়ালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
- বিষয় :
- এমপি
