ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

ভারতের কাছে আলোহীন জ্যোতিদের বড় হার

ভারতের কাছে আলোহীন জ্যোতিদের বড় হার
×

শেফালি ভার্মার ফিফটি উদযাপন। ছবি: ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ২৩:০৬ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ২৩:১৫

পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে জিতলেও ভারতের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ১৯ বল থাকতে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ভারতের ওপেনার শেফালি ভার্মা ঝড়ো ফিফটি করে সহজে ম্যাচ বের করে নিয়েছেন। 

বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩৬ রানে আটকে গিয়েছিল বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার রান পাননি (৮ বলে ৪)। আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও তিনে নামা সোবহানা মুস্তারি সেট হলেও ধীরে ব্যাটিংয়ে খুব একটা এগিয়ে নিতে পারেননি দল।  

জুয়াইরিয়া ৩১ বলে পাঁচ চারের শটে ৩৩ রান করেন। সোবহানা ২৬ বলে ২২ রান যোগ করতে পারেন। তাদের জুটি ছিল ৫১ রানের। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি রান করলেও ইনিংস টি২০ সুলভ ছিল না। তিনি ২৭ বলে ৩২ রান করেন। পরের দুই ব্যাটারও ছিলেন ধীর। শারমিন আক্তার ১২ বলে ১০ ও স্বর্ণা আক্তার ১০ বলে ১৩ রান করে ফিরে যান।

জবাব দিতে নেমে ওপেনিংয়ে ৩ ওভারে ৩১ রান তুলে ফেলে ভারতের মেয়েরা। যাতে স্মৃতি মান্ধানার অবদান মাত্র ৮। ঝড় তোলা শেফালি ৩৪ বলে ৫৩ রান তুলে আউট হন। আটটি চার ও একটি ছক্কা মারেন। স্বস্তিকা ভাটিয়ার সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন তিনি। স্বস্তিকা ১৮ বলে ২৩ রান যোগ করেন।

পরে জেমিমাহ রদ্রিগুয়েজ ১৫ বলে ২৬ রান করে ম্যাচ জেতান। বাংলাদেশের ঋতু মনি ২ উইকেট নেন। মারুফা, নাহিদা ও রাবেয়া নেন একটি করে উইকেট। ভারতের শ্রীচরনি দুটি ও রাধা যাদব নেন তিন উইকেট।  গ্রুপ ওয়ানে থাকা বাংলাদেশ ৪ ম্যাচে দুই জয়ে টেবিলে চারে আছে।

আরও পড়ুন

×