শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
ফাইল ছবি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ২১:২০
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চুরির অভিযোগে মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২৭) নামে এক যুবক ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শাহাদাৎ হোসেন একই এলাকার শামসুল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ওই এলাকার একটি মসজিদে তাবলিগ জামাতে অংশ নেওয়া মুসল্লিদের বেশ কয়েকটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শাহাদাৎ হোসেনকে স্থানীয়রা আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ মসজিদের সামনের সড়কে ফেলে রাখা হয়।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- গণপিটুনি
- যুবকের মৃত্যু
