ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

পিরোজপুর

দখলে বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি

দখলে বাড়ছে যানজট  ও দুর্ঘটনার ঝুঁকি
×

পিরোজপুর পৌর শহরের একটি মার্কেটে দোকানের সামনে রাখা পণ্য। ছবি: সমকাল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০৮:০৯

পিরোজপুর পৌর শহর ও বাজারের বিভিন্ন সড়ক, সড়কের পাশের ফুটপাত ও ড্রেন দখল করে অবৈধ দোকান এবং ব্যাটারিচালিত অটোরিকশার অবস্থানের কারণে দিন দিন যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সেই সঙ্গে পৌর বাজারের ছোট ছোট সড়কেও দোকানিরা দোকানের সামনে কাঠের বেঞ্চ, চৌকি, টুল বসিয়ে তাদের পণ্য সাজিয়ে রাখছেন। ফলে সড়কগুলো আরও সংকুচিত হয়ে পড়েছে।

দীর্ঘদিন চলা এ অব্যবস্থাপনায় দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারী, শিক্ষার্থী, দূরপাল্লার যাত্রীসহ বাজারে আসা ক্রেতারা। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ, জেলা ব্যবসায়ী সমিতি, জেলা প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরেজমিন দেখা যায়, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে দামোদর সেতুর ওপর নিয়মিত অস্থায়ী বাজার বসায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন হচ্ছে। শহরের ক্লাব রোড এলাকায় ফল ব্যবসায়ীরা সড়কের ওপর কার্টন ও মালপত্র রেখে ব্যবসা করছেন।

ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, ১০ মিনিটের পথ অতিক্রম করতে কখনও কখনও ১ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। শুধু ফুটপাত নয়, বাজার এলাকার সড়কের দুপাশে ভ্যানে ভ্রাম্যমাণ দোকান বসানো হচ্ছে। এর সঙ্গে ইজিবাইক ও অটোরিকশা দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি। অন্যদিকে, ব্যবসায়ীদের ফেলে দেওয়া পচাবাসি সবজি, ফল, অন্যান্য বর্জ্যে ড্রেন ও ফুটপাত ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণও বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, ফুটপাতে বসা অনেক দোকান থেকে ইজারা বা অন্যান্য নামে নিয়মিত চাঁদা আদায় করা হয়। স্থানীয় বৈধ দোকান মালিকরা জানান, উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও তা স্থায়ী সমাধান আনতে পারেনি। উচ্ছেদের কিছুদিন পরই পুনরায় দখলদাররা আগের অবস্থায় ফিরে আসে। অন্যদিকে, বলেশ্বর সেতু, বেকুটিয়া সেতু এবং জিয়ানগর সেতু চালুর পর পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে বিপুল সংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা পিরোজপুর শহরে প্রবেশ করছে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান, কঠোর নজরদারি এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, কিছুদিন আগে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট অপসারণ করা হয়েছিল। খুব শিগগির আবার অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।

আরও পড়ুন

×