আটকের পর এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ
ছবি- সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২৩:০৮
ইয়াবাসহ আটকের সময়ে মাদক কারবারির গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। পুলিশের উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদ এআই প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে গণমাধ্যমে ছবি সরবরাহ করেন। এ অভিযোগে এসআই তানজিলকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ শোকজ করার বিষয়টি নিশ্চিত করে জানান, তানজিলকে তিন দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর দেওয়া জবাবের প্রেক্ষিতে পরে পদক্ষেপ নেওয়া হবে। তানজিল বিএমপির মিডিয়া সেলের দায়িত্বে রয়েছেন।
বিএমপির কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি থেকে ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়। সে আর্জেন্টিনার সমর্থক এবং গ্রেপ্তারের সময়ে তাঁর গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে দেওয়া হয়। এসআই তানজিল এআই প্রযুক্তি ব্যবহার করে আর্জেন্টিনার জার্সি পরিবর্তন করে রাসেলকে ব্রাজিলের জার্সি পরিয়ে দেন। সেই ছবি বিএমপির মিডিয়া সেল গণমাধ্যমের মেইলে ও হ্যোয়াটঅ্যাপ গ্রুপে পাঠানো হয়। এ নিয়ে সমালোচনা শুরু হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সঠিক তথ্য ও ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলের মাধ্যমে প্রকাশ করা হয়।
পুলিশ কমিশনার সাংবাদিকদের জানান, এসআই তানজিল ঘটনা স্বীকার করে জানিয়েছেন, গত সোমবার বিশ্বকাপে ব্রাজিলের খেলা ছিল। আলোড়ন সৃষ্টির জন্য তিনি কাজটি করেছেন।
