ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

অ্যাব নেতা আরিফ খুলনা ওয়াসার ডিএমডি

অদক্ষ জনবল, দুর্নীতির কারণে ধুঁকছে প্রতিষ্ঠানটি

অ্যাব নেতা আরিফ খুলনা ওয়াসার ডিএমডি
×

আরিফুল ইসলাম জুয়েল

 হাসান হিমালয়, খুলনা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ০৮:৫৫ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ০৯:১৩

| প্রিন্ট সংস্করণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েল খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে প্রেষণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সংযুক্ত করে ২৮ জুন খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। 

বিএনপি সমর্থিত প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আরিফুল ইসলাম। খুলনা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যসহ জ্যেষ্ঠ শিক্ষকদের অনেকেই অ্যাবের সদস্য। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে ২০১৬ সালে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই সময় বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলসহ বেশ কয়েকজনকে শাস্তি দেওয়া হয়। জুয়েলকে নির্বাহী প্রকৌশলী থেকে পদাবনতি দিয়ে সহকারী প্রকৌশলী এবং চার বছরের জন্য পদোন্নতি স্থগিত করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকদের নিয়ে ওই তদন্ত কমিটি গঠন করা হয়। 

তবে ৫ আগস্টের পর আরিফুল ইসলামের শাস্তি বাতিল করে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন। গত বছর তাঁকে বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়। 
আরিফুল ইসলাম জুয়েল সমকালকে বলেন, ‘রাজনৈতিকভাবে প্রতিশোধপরায়ণ হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা ও শাস্তি দেওয়া হয়। ছাদ ঢালাইয়ের দিন আমি উপস্থিত ছিলাম না। দুর্নীতির সঙ্গেও জড়িত ছিলাম না। অভ্যুত্থানের পর সেই শাস্তি প্রত্যাহার ও আমাকে পদোন্নতি দিয়ে ত্যাগের মূল্যায়ন করা হয়েছে।’

ওয়াসায় অদক্ষ জনবল
২০০৮ সালে খুলনা ওয়াসা প্রতিষ্ঠার পর থেকে হিসাব, বাণিজ্যিক ও প্রকৌশল বিভাগে রাজনৈতিক বিবেচনায় লোক নিয়োগ করা হয়। অদক্ষ জনবলের কারণে পানি সরবরাহ ব্যবস্থা দুর্বল বলে অভিযোগ রয়েছে। বিল নিয়ে প্রায়ই ভোগান্তি পোহান গ্রাহকরা। এর সঙ্গে যোগ হয়েছে যত্রতত্র সড়ক খোঁড়াখুঁড়ি। 

আওয়ামী লীগ আমলে ১৫ বছর ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ নেতা মো. আবদুল্লাহ। তাঁর অনিয়ম নিয়ে সমকালে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়। অভ্যুত্থানের পর তাঁর মেয়াদ আর বাড়ানো হয়নি। নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, সুপেয় পানি সরবরাহের ব্যর্থতা, বিল নিয়ে ভোগান্তি, সড়ক খোঁড়াখুঁড়ি– সব মিলিয়ে ওয়াসা অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটিকে সচল করতে সৎ ও দক্ষ কর্মকর্তা দরকার।

আরও পড়ুন

×