একাধিক চেয়ারম্যান প্রার্থীর ভিড়ে ঐক্য মিশনে বিএনপি
মনিরামপুরে ইউপি নির্বাচন
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৮:১৩
| প্রিন্ট সংস্করণ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে যশোরের মনিরামপুরে সাংগঠনিক অবস্থা শক্তিশালী করতে বেশ তৎপর হচ্ছে বিএনপি। এর মধ্যে বিশেষ করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতিটি ইউনিয়নে একাধিক সম্ভাব্য প্রার্থী গণসংযোগে নেমে পড়েছেন। তাতে বিভ্রান্তি দেখা দিচ্ছে কর্মী-সমর্থকদের মধ্যে। এ অবস্থায় ভোটে জয় হাতছাড়া না করতে একক প্রার্থী সুনিশ্চিতে একযোগে চেষ্টা চালাচ্ছে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি।
দেখা গেছে, মনিরামপুর উপজেলার ১৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী ভোট চাইতে নেমে পড়েছেন। উপজেলার কুলটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, সাবেক সভাপতি নাজমুল হক লিটন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও যুবদল নেতা মিজানুর রহমান।
আবার খেদাপাড়া ইউনিয়নে প্রচারণা চালাচ্ছেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবর রহমান, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুনছুরুর রহমান। ওই দিকে খানপুর ইউনিয়নে গণসংযোগে নেমেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মনা। প্রায় প্রতিটি ইউনিয়নে তিন থেকে পাঁচজন সম্ভাব্য প্রার্থী ভোট চেয়ে গণসংযোগ করছেন। খানপুর ইউনিয়নের বিএনপি কর্মী মতিয়ার রহমান বলেন, ‘একই দলের ভেতর চারজন প্রার্থী হলে আমরা বিব্রতকর পরিস্থিতে পড়ি।’ তবে কুলটিয়া ইউনিয়ন বিএনপির যৌথসভায় উপজেলা নেতাদের উপস্থিতিতে চার প্রার্থী হামিদুল ইসলাম, নাজমুল হক লিটক, আব্দুল মজিদ ও মিজানুর রহমান ঘোষণা দিয়েছেন, দল যাকেই প্রার্থী করবে তাঁর পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন তারা।
একক প্রার্থী থাকায় ২০১১ সালের ইউপি নির্বাচনে ১৭টির মধ্যে বিএনপি বিজয়ী হয় ১৪টি ইউনিয়নেই। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, ‘দলের ভেতর একাধিক প্রার্থী হবার খেশারত বিগত সংসদ নির্বাচনে আমাদের দিতে হয়েছে। দুজন প্রার্থী থাকায় জামায়াতের প্রার্থী জয়লাভ করেন। আমরা এখন প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে যৌথসভা করছি দলের ভেতর ঐক্য গড়ে তুলে বিএনপির একক প্রার্থী নির্ধারণ করতে।’
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম বলেন, ‘আশা করছি, আসন্ন ইউনিয়নসহ স্থানীয় সব নির্বাচনে দলের ভেতর থেকে যোগ্যতম একক প্রার্থী করতে হবে। তাহলে বিএনপির প্রার্থীদের ভূমিধস বিজয় সম্ভব হবে।’
- বিষয় :
- নির্বাচন