সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১৭:৪৪ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ১৭:৫২
চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব বাজার-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবেদমা এলাকার আবুল কাশেমের ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।
পুলিশ জানায়, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে মোটরসাইকেলে করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে আবুতোরাব বাজারের সংযুক্ত সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্রা দাশ বলেন, হাসপাতালে আনার আগেই আলাউদ্দিনের মৃত্যু হয়েছিল।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াছমিন বলেন, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- চট্টগ্রাম
- সড়ক দুর্ঘটনা
- নিহত
- আনসার
