ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ লাইনে প্রাইভেটকারের ধাক্কা

কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ লাইনে প্রাইভেটকারের ধাক্কা
×

কর্ণফুলী টানেল। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৮:১৯ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ১৮:৪৩

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি প্রাইভেটকার বিদ্যুৎ সরবরাহ লাইনে ধাক্কা দিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টানেলের আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

এতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলেও ১০ মিনিটের মধ্যে লাইন মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অতিরিক্ত গতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের বিদ্যুৎ সরবরাহ লাইনে ধাক্কা দেন। দুর্ঘটনায় প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়। পরে সেটি দ্রুত টানেল থেকে সরিয়ে নেওয়ায় যান চলাচলে তেমন কোনো বিঘ্ন ঘটেনি।

কর্ণফুলী টানেলের টোল বক্সের ইনচার্জ কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য টানেলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল। তবে ১০ মিনিটের মধ্যেই লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে টোল প্লাজায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলটির উদ্বোধন করা হয়। পরদিন সকাল থেকে এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

আরও পড়ুন

×