ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

শহীদ আফনানের বাড়িতে ঢোকার চেষ্টা

শহীদ আফনানের বাড়িতে ঢোকার চেষ্টা
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে লক্ষ্মীপুরের প্রথম শহীদ সাদ আল আফনানের (১৯) বাড়িতে তালা ভেঙে ঢোকার সময় ৬ জনকে আটক করে স্থানীয় জনতা। তাদের মধ্যে তিনজন নারী। এলাকাবাসী ছয়জনকেই পুলিশে দিয়েছে। গতকাল বুধবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের একজন ঢাকার লালবাগ থানায় দায়ের হওয়া জুলাই হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন সাদ আল আফনান। ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়। এদিন কয়েক ঘণ্টা ধরে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে সদর উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিনের নেতৃত্বাধীন বাহিনী। এদিন আফনানসহ নিহত হন ১২ জন। শতাধিক ব্যক্তি আহত হয়েছিলেন। 
আফনান হত্যার ঘটনার ১০ দিন পর ১৪ আগস্ট সদর থানায় মামলা করেন তাঁর মা নাছিমা আক্তার। কিন্তু আসামিদের হুমকি-ধমকিতে একমাত্র মেয়েকে নিয়ে বাড়িছাড়া তিনি। এ কারণে বাসায় তালা দেওয়া ছিল। 
প্রতিবেশীরা জানায়, গতকাল বুধবার সকালে আফনানদের বাড়িলাগোয়া রসুলগঞ্জ ইউনিয়নের রসুলগঞ্জ গ্রামের বাসিন্দা রাসেল তাঁর দুই ছেলে বন্ধু ও তিন মেয়ে বন্ধুকে নিয়ে ফাঁকা বাড়িতে আসেন। পরে তারা সবাই মিলে আফনানদের বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন। প্রতিবেশীরা পরিচয় জানতে চাইলে, আফনানের আত্মীয় হিসেবে পরিচয় দেন। তবে সন্দেহ হওয়ায় স্থানীয় শিক্ষার্থীদের সহায়তায় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দেন। 

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন–রসুলগঞ্জের মো. রাসেল, তাঁর বন্ধু মো. জাহিদ ও ঢাকার লালবাগের জোবায়ের হোসেন শ্যামল, বরিশালের ফাতেমা আক্তার, দিনাজপুরের লামিয়া আক্তার ও মীম আক্তার।
লক্ষ্মীপুর সদর থানার এসআই সালাহউদ্দিন শামীম জানান, আটক ব্যক্তিদের মধ্যে শ্যামল ঢাকার লালবাগ থানায় করা জুলাই হত্যা মামলার আসামি, এ তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×