ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বেগুন ধরার আগমুহূর্তে গাছগুলো কেটে দিল দুর্বৃত্তরা

বেগুন ধরার আগমুহূর্তে গাছগুলো কেটে দিল দুর্বৃত্তরা
×

কাটা গাছ হাতে কৃষক বাপ্পি -সমকাল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০ | ০৩:৩৩

হতদরিদ্র এক কৃষকের ১০ শতক জমির বেগুন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে কে বা কারা গাছগুলো কেটে দিয়েছে। এতে ওই কৃষকের কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। 

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাইটবাড়িয়া গ্রামের মাঠে বাপ্পির মোল্লার ক্ষেতে। তিনি ওই গ্রামের আনছার আলি মোল্লার ছেলে। এ ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ ও কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ক্ষেতটি পরিদর্শন করেছেন। 

কৃষক বাপ্পি মোল্লা জানান, মাঠে তার মাত্র ১০ শতকই চাষযোগ্য জমি। কিছুদিন আগে এনজিও থেকে ঋণ তুলে জমিতে শসার চাষ করেছিলাম। কিন্ত প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হবার পর নতুন করে ধারদেনার মাধ্যমে বেগুনের চাষ করেছিলাম। এবার রাতের আঁধারে কে বা কারা ক্ষেতের সব বেগুন গাছ কেটে আমার পাজর ভেঙে দিয়েছে। এখন কি করে সারাবছর সংসার চালাবো! আর কি করেই বা এনজিওর টাকাসহ ধারদেনা শোধ করবো? এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এ বিষয়ে তত্তিপুর পুলিশ ফাঁড়ির এসআই তপন দাস জানান, সকালে খবর পেয়ে বাপ্পির বেগুনক্ষেত দেখতে গিয়েছিলাম। তার ক্ষেতটি কে বা কারা কেটে নষ্ট করেছে।

উপজেলা উপসহকারী কৃষিকর্মকর্তা আনিসুর রহমান জানান, খবর পেয়ে আমি ওই কৃষকের ক্ষেতে গিয়েছিলাম। গাছগুলো যেভাবে কেটে দিয়েছে সেই ক্ষতি পুষিয়ে উঠার নয়। তারপরও ওই কৃষকের পাশে থাকবে কৃষি অফিস।

কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া জানান, বাপ্পির বেগুন ক্ষেত কেটে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এলাকার পুলিশ ফাঁড়ির ইনচার্জকে পাঠিয়েছেন। ওই কৃষক থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×