‘দেশে শিশু সংগঠনের একটা খরা চলছে’
নারায়ণগঞ্জে খেলাঘরের সপ্তম জেলা সম্মেলনে নৃত্য পরিবেশ করছে শিশুশিল্পীরা। গতকাল শুক্রবার আলী আহমদ চুনকা নগর মিলনায়তনে সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৮:১০
| প্রিন্ট সংস্করণ
বিশিষ্ট ছড়াকার আখতার হুসেন বলেছেন, এক সময় খেলাঘর, চাঁদের হাট, কচিকাঁচার মেলাসহ অনেক শিশু সংগঠন সক্রিয় ছিল। এখন দেশে শিশু সংগঠনের খরা চলছে। শিশুদের মানসিক বিকাশের জন্য শিশু সংগঠন গড়ে তোলা প্রয়োজন। নারায়ণগঞ্জে এখনও ধারাটি টিকে আছে।
তিনি আরও বলেন, দেশের অনেক বিখ্যাত গ্রন্থাগারে যে বই আমি খুঁজে পাইনি সেটি নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগারে পেয়েছি। সুধীজন দেশের সবচেয়ে সমৃদ্ধ পাঠাগারের একটি। খেলাঘর আসর ও সুধীজন পাঠাগার- নারায়ণগঞ্জের অন্যতম দুটি গর্বের বিষয়।
গতকাল শুক্রবার সকালে শিশু সংগঠন ‘খেলাঘর আসরের’ সপ্তম জেলা সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। নগরীর ২নং রেলগেট এলাকায় অবস্থিত আলী আহম্মদ চুনকা নগর মিলনায়তনে জেলা খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রেজাউল কবীর, কেন্দ্রীয় সম্পাদক আমিনুল রানা, জেলার সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা উদীচীর সভাপতি জাহিদুল হক দীপু, জেলা উন্মেষের উপদেষ্টা প্রদীপ ঘোষ বাবু, শিশু সংগঠক আব্দুল আজিজ, জেলা সিপিবির সভাপতি শিবনাথ চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের সভাপতি রিনা আহমেদ প্রমুখ।
দিনব্যাপী আয়োজনে ছিল নৃত্য, গান, আবৃত্তি পরিবেশন। এ উপলক্ষে মাসব্যাপী নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। কাউন্সিলে জহিরুল ইসলাম জহিরকে সভাপতি ও রাজিব দাসকে সাধারণ সম্পাদক করে খেলাঘরের নতুন কমিটি গঠন করা হয়।
- বিষয় :
- শিশু