মাদক মামলার আসামির থানায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, দুই পুলিশ ক্লোজড
নিকলি থানা। ছবি: সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৩:১৬ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১৩:৩৭
কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে এক মাদক মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন সে সময় থানায় দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) শেফালি আক্তার এবং কনস্টেবল দেলোয়ার হোসেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনার দিনই ওই দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তিনি বলেন, ঘটনার সময় তারা থানায় যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুখলেছ সরদারের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল দাসপাড়া গ্রামের বাসিন্দা রাজা হাওলাদার তার ছেলে রুবেল মিয়া (২২)-এর বিরুদ্ধে মাদক-সংক্রান্ত অভিযোগে থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে বাবার ফোন পেয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পুলিশ রুবেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিকলী থানা হাজতে রাখে। এরপর সকাল সাড়ে ১১টার দিকে থানা হাজতের কার্নিশের সঙ্গে নিজের পরিহিত শার্ট ব্যবহার করে ঝুলন্ত অবস্থায় রুবেলকে পাওয়া যায়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, রুবেল মাদকাসক্ত ছিলেন। বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। থানা হাজতে তিনি নিজের পরিহিত শার্ট দিয়ে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশ