ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা

চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা
×

সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। ছবি:সমকাল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৪:০৫ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১৫:২৩

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়া, পর্যাপ্ত ড্রেন ব্যবস্থা না থাকা এবং নালা-নর্দমা দখলের কারণে দুর্ভোগে পড়েছেন পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা গেছে, বটতলী স্টেশন এলাকার দরবেশহাট সড়ক, আলুরঘাট রোড, স্কুল রোড, বিমান বিল্ডিং সড়ক, পুরাতন থানা সড়ক ও মা ও শিশু হাসপাতালসংলগ্ন সড়কে অল্প বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। সড়কের খানাখন্দ পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক দোকানেও পানি ঢুকে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং পানি নিষ্কাশনের পথ দখল হয়ে যাওয়ায় বছরের পর বছর এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ সময় পানি জমে থাকায় পানিবাহিত রোগ ও চর্মরোগের ঝুঁকিও বাড়ছে।

বটতলী শহরের ব্যবসায়ী আবু তালেব রুবেল বলেন, সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার কারণে দোকান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। ভারি বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তিনি দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান।

লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মন্নান বলেন, পানি চলাচলের পথ পুনরুদ্ধার এবং অবৈধ স্থাপনা অপসারণ না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা আরও বাড়বে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, অনেক এলাকায় বৃষ্টির পানি বের হওয়ার কার্যকর ব্যবস্থা নেই। ড্রেন ও প্রধান নালার সংযোগ বিচ্ছিন্ন থাকায় এবং বক্স-কালভার্টে ময়লা-আবর্জনা জমে থাকায় পানি দ্রুত নামতে পারে না। অগ্রাধিকার ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, লোহাগাড়ায় ড্রেন নির্মাণের কাজ চলছে। কাজ শেষ হলে জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে বৃষ্টির পানি দ্রুত সরে যেতে পারে।

আরও পড়ুন

×