ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

৫ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

৫ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৬:৪৫

ভারী বর্ষণের কারণে রেললাইন ডুবে যাওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল। তবে আজ রোববার দুপুরে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

দুপুর দেড়টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস। এর আগে নগরীর ষোলশহর এলাকায় রেললাইনে পানি উঠে গেলে ঢাকা থেকে আসা এই ট্রেনটি মঙ্গলবার দুপুরে আটকা পড়ে। পরে ওই দিন মধ্যরাতে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়।

বৃষ্টিপাত কমে আসার পাশাপাশি রেললাইন থেকে পানি সরে যাওয়ার পর সোমবার থেকে এই রুটে ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছিল কর্তৃপক্ষ। রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা দফায় দফায় পরিদর্শনের পর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়ে ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়। ট্রেন চালুর আগে আজ দুপুরে চট্টগ্রাম নগরীর ষোলশহর স্টেশন পরিদর্শন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সুবক্তগীন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. সুবক্তগীন পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, কয়েক দিন ধরে চট্টগ্রামে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এবার স্মরণকালের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এতে ষোলশহর এলাকায় রেললাইনে প্রায় দুই ফুট পানি জমে যায়। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পানি নেমে যাওয়ার পর নিচু এলাকা পাথর দিয়ে প্রায় এক ফুট উঁচু করা হয়েছে। রেললাইন প্রস্তুত করার পর ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে চট্টগ্রাম থেকে দুই জোড়া ও ঢাকা থেকে দুই জোড়া চলাচল করে। প্রতিদিন ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করেন এ রুট দিয়ে। পাঁচ দিন ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েন।

রেলওয়ের পূর্বাঞ্চল জোনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফারহান মাহমুদ জানান, রেললাইন ট্রেন চলাচলের উপযোগী করার পর নগরীর জানালিহাট রেলস্টেশনে আটকে থাকা প্রবাল এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম স্টেশনে নিয়ে আসা হয়েছে। এতে তেমন কোনো সমস্যা হয়নি। এরপর ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। 

আরও পড়ুন

×