ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

প্রবাসী যুবককে কুপিয়ে হত্যায় বিচার দাবিতে বিক্ষোভ

প্রবাসী যুবককে কুপিয়ে হত্যায় বিচার দাবিতে বিক্ষোভ
×

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০৮:১১

| প্রিন্ট সংস্করণ

আড়াইহাজারে জমি নিয়ে বিরোধে প্রবাসী যুবক সিয়াম মিয়াকে কুপিয়ে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাত করে এলাকাবাসীকে হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, লস্করদী গ্রামের মোক্তার হোসেন ও ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে গত বুধবার বিকেলে তপন মিয়ার বাড়ির পাশে সালিশ বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে সিয়ামকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। ঢাকার পপুলার হাসপাতালের আইসিইউতে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গত শুক্রবার সিয়ামের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, পুলিশ চিহ্নিত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

বিচারের দাবিতে বিক্ষোভ
প্রবাসী সিয়াম মিয়া হত্যার বিচারের দাবিতে গতকাল শনিবার বিকেলে লস্করদী এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় ওই সময় পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, সিয়াম অত্যন্ত ভদ্র ও নম্র একজন যুবক ছিলেন। এক মাস ছুটি শেষে কম্বোডিয়ায় চলে যেতেন। তাঁকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আসামি গ্রেপ্তারে পুলিশ টালবাহানা করলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বিক্ষোভ মিছিল থেকে।
এদিকে শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদীতে নিহত সিয়ামে বাড়িতে গিয়ে ন্যায়বিচারের আশ্বাস দেন। এই সংসদ সদস্য বলেন, ‘আড়াইহাজারের প্রতিটি পরিবার আমার পরিবার। একটি তরুণ প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু বেদনাদায়ক। আমি প্রশাসনের সঙ্গে কথা বলব, যেন ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়।’
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী নাঈমা নুসরাত জিনিয়া, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সাংসদের একান্ত সচিব মো. ওয়ালিউল্লাহ প্রমুখ।

আরও পড়ুন

×