কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবি, চার জেলের লাশ উদ্ধার
ফাইল ফটো
কক্সবাজার প্রতিনিধি ও পেকুয়া সংবাদদাতা
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৭:৫৫ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ০৮:৩২
| প্রিন্ট সংস্করণ
বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ১২ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাত ১০টা পর্যন্ত চার জেলের লাশ এবং সাতজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নাছির উদ্দীন নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে কুতুবদিয়া দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির নাম ‘এফবি ফকিরা মসজিদ’। এটির মালিক কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার নুরুল আবছার।
নিহত জেলেরা হলেন–কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালীর মো. সাগর, মো. করিম, মো. আইয়ুব মনির এবং আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দারপাড়ার কামাল হোসেন।
কুতুবদিয়া উপজেলা মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হওয়া সাত জেলের মধ্যে তিনজন ইতোমধ্যে কুতুবদিয়ায় ফিরে এসেছেন। অপর চারজন উদ্ধারকারী ট্রলারে অবস্থান করে নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক বলেন, ট্রলারডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন।
- বিষয় :
- ট্রলারডুবি