ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

চট্টগ্রামে শিক্ষা বোর্ডের গেইট খুলে নিলেন শিক্ষার্থীরা

চট্টগ্রামে শিক্ষা বোর্ডের গেইট খুলে নিলেন শিক্ষার্থীরা
×

ছবি- সংগৃহীত

চট্টগ্রাম ব‍্যুরো

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ২৩:১৩

তিন দফা দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে কাঁধে করে সড়কের দিকে নিয়ে যান। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরের ষোলশহরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা স্লোগান দিতে দিতে বোর্ডের ভেতরে প্রবেশের চেষ্টা করলে ধাক্কাধাক্কিতে প্রধান ফটক খুলে যায়। পরে কয়েকজন শিক্ষার্থী সেটি কাঁধে করে সড়কের দিকে নিয়ে যান।

আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও ফটক খুলে নেওয়ার ঘটনা ঘটে।

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান। তারা জানান, মঙ্গলবার বিকেলের মধ্যে দাবিগুলোর বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত না এলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্দোলনরত শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, প্রতিকূল পরিস্থিতির কথা বিবেচনা না করে পরীক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে। 

আরেক শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, টানা বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন। অনেকের ক্যালকুলেটরসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পানিতে নষ্ট হয়ে গেছে। এসব বিষয় বিবেচনায় না নিয়ে পরীক্ষা নেওয়া অমানবিক।

শিক্ষার্থীদের প্রধান তিন দাবির মধ্যে রয়েছে, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, গত ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা এবং বৃষ্টির কারণে যাদের এডমিট কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে বোর্ড থেকে পুনরায় কাগজপত্র সরবরাহ করা। 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, শিক্ষার্থীরা আমাদের সঙ্গে মিটিং করেছেন। তাদের দাবি পেশ করেছেন। আমরা তাদের দাবির বিষয়ে আলোচনা করেছি। হঠাৎ কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী বোর্ডের প্রধান ফটক নিয়ে টানাটানি করে। একপর্যায়ে তারা গেইট খুলে নিয়ে যায়।

আরও পড়ুন

×