মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২
ম্যাপ
পাবনা অফিস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৪:১০ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ১৪:৩৬
পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়ায় এ ঘটনা ঘটে।
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ থাকায় ভোররাত পর্যন্ত মথুরাপুর এলাকায় ফুটবল উন্মাদনা বিরাজ করছিল। পুলিশের কাছে গোপন তথ্য ছিল, এই সুযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে দুটি গাড়িতে করে পুলিশের একটি টহল দল মথুরাপুরের দোপপাড়া এলাকায় যায়।
পুলিশের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। এরপর ওই দলের শতাধিক নেতাকর্মী ও কয়েকশ সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে দাবি পুলিশের।
তবে পুলিশের এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। তিনি বলেন, পুলিশের অভিযানের কারণে তিনি নিজেই এলাকায় যেতে পারেন না। সেখানে উপস্থিত থাকার প্রশ্নই আসে না।
তিনি আরও জানান, তিনি যতটুকু জেনেছেন, রাতে খেলা দেখার পর স্থানীয় যুবকেরা খিচুড়ি রান্না করে খাচ্ছিলেন। এ সময় পুলিশ গিয়ে ১০ থেকে ১৫ জনকে আটক করলে স্থানীয় বাসিন্দা ও নারীরা ঘর থেকে বের হয়ে তাদের ছাড়িয়ে নেন। ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশের গাড়িতে আঘাত লাগে এবং দুই পুলিশ সদস্য আহত হন বলে তিনি শুনেছেন।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।