ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

আমরা জনগণের সরকার, সব সময় মানুষের পাশে থাকব

আমরা জনগণের সরকার, সব সময় মানুষের পাশে থাকব
×

সালাহউদ্দিন আহমেদ

 বান্দরবান ও চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৮:১৪

| প্রিন্ট সংস্করণ

বিএনপি সরকার জনগণের সরকার, সব সময় মানুষের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা সব সময় জনগণের পাশে থাকব। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।
গতকাল শুক্রবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সরকারি জরিপ কার্যক্রম চলমান রয়েছে। রাস্তাঘাট, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, গবাদিপশু ও কৃষকের ফসলসহ সার্বিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। জরিপের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি ও বেসরকারি সহযোগিতা নিয়ে সরকার দাঁড়াবে।
কক্সবাজার-১ আসনের এ সংসদ সদস্য বলেন, বন্যাকবলিত এলাকায় যেখানে রান্না করা খাবারের প্রয়োজন হয়েছে, সেখানে তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি শুকনো খাবার, খাদ্যসামগ্রী, সুপেয় পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা সরকারি, বেসরকারি এবং দলীয় উদ্যোগে বিতরণ করা হচ্ছে।

এদিন সকাল থেকে সড়কপথে চকরিয়া উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন সালাহউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, জেলা প্রশাসক আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্তদের ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, বান্দরবানের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। এ ছাড়া ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি ও সুদ এক মাসের জন্য মওকুফ করা হয়েছে। এ সুবিধার মেয়াদ আরও দুই-এক মাস বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

গতকাল শুক্রবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউসে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। তবে ক্ষয়ক্ষতি কমিয়ে এনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকারের বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।
কৃষকদের উদ্দেশে মীর হেলাল উদ্দিন বলেন, যাদের ফসল ও কৃষি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করুন। পাশাপাশি বন্যাকবলিত এলাকার গবাদি পশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক সানিউল ফেরদৌস প্রমুখ।

আরও পড়ুন

×