সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৯৯ জনে
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১৯:১৩ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ১৯:১৪
সিলেটে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে বিভাগে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়য়েছে ৯৯ জনে।
আজ শনিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া তিন শিশুর সবার বয়স ১০ মাসের কম। তারা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে নতুন কোনো হাম রোগী শনাক্ত না হলেও, উপসর্গ দেখা দেওয়ায় আরও ৬৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৩৪ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, যাদের উপসর্গ রয়েছে কিন্তু ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়নি, তাদের সংখ্যা এর চেয়েও অনেক বেশি। ফলে প্রকৃত আক্রান্তের চিত্র সরকারি পরিসংখ্যানের চেয়ে আরও বেশী।
- বিষয় :
- সিলেট
- হামের উপসর্গ