ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

নকল ও অটো পাসের সংস্কৃতি থেকে বের হতে হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নকল ও অটো পাসের সংস্কৃতি থেকে বের হতে হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
×

প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১৯:২৯

নকল ও অটো পাসের সংস্কৃতি থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের দক্ষতানির্ভর বাস্তবমুখী শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নামফলক উন্মোচন ও শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ এবং নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের শিক্ষা ব্যবস্থার চলমান পরিস্থিতি ও জেন-জি তরুণদের অবদানের কথা স্মরণ করে বলেন, আমরা জুলাই বিপ্লবের যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান জানাই। কিন্তু এই সম্মানের কারণে শিক্ষা ক্ষেত্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অন্যায্য দাবি মেনে নেওয়া হবে না। দেশের কোথাও কোথাও নকল করতে দেওয়ার দাবিতে বা বৃষ্টিতে ভিজে যাওয়ার অজুহাতে অটো পাসের দাবিতে মিছিল-আন্দোলন হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এই নকল বা অটো পাসের সংস্কৃতি থেকে আমাদের চিরতরে বের হয়ে আসতে হবে। 

তিনি আরও বলেন, আমাদের এমন শিক্ষায় ধাবিত হতে হবে যা রাষ্ট্র ও ব্যক্তি জীবনে প্রকৃত অর্থে কাজে লাগে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে অনুৎপাদনশীল সহজ বিষয়গুলো থেকে আস্তে আস্তে সরে আসার অনুশাসন জারি করেছে। শিক্ষার্থীদের শুধু সরকারি চাকরির পেছনে না ছুটে নতুন নতুন দক্ষতা অর্জন এবং তৃতীয় ভাষা শিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে। 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম উত্তরাঞ্চলের অবহেলিত জনপদের ভাগ্যোন্নয়নে সরকারের বড় দুটি উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, এই অঞ্চলের উৎপাদিত পণ্য সরাসরি বিদেশে রপ্তানির সুবিধার্থে বগুড়ায় কার্গো ফ্যাসিলিটিসহ একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ড্রোন নির্মাণের ফ্যাক্টরি অনুমোদিত হয়েছে। এর সাথে সংযোগ বাড়াতে বগুড়া চারমাথা থেকে নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত সড়কটি ফোর লেনে (চার লেন) উন্নীতকরণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা দ্রুতই একনেকে পাস হবে। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে এখানে নতুন করে কৃষি ও প্রকৌশল অনুষদ যুক্ত করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৩ সালে আইনগতভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০২৫ সালের ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুটি বিভাগ খোলার অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়া বিভাগ দুটি হলো আইন অনুষদের অধীন ‘আইন’ বিভাগ ও বিজনেস স্টাডিজ অনুষদের অধীন ‘অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস’ বিভাগ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ওই দুই বিভাগে ইতোমধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়টিতে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। 

সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন শিক্ষা সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (বা পরিচালক) অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহসহ দেশের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন। এছাড়াও নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×