চুরির মামলায় গ্রেপ্তার, সামাজিক মাধ্যমে চলছে ভিন্ন প্রচার
ম্যাপ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২২:২৮
গোপালগঞ্জের কাশিয়ানীতে চুরির মামলায় ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তারের ঘটনায় সামাজিক মাধ্যমে অপপ্রচার চলছে বলে জানিয়েছে পুলিশ। ছড়িয়ে পড়া পোস্টে দাবি করা হচ্ছে, ওই কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এসব তথ্য সঠিক নয় বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১৪ জুলাই রাত আনুমানিক ২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোবা গ্রামের মো. রাজিব মিয়ার বসতঘরে চুরি হয়। এ সময় রাজিবের স্ত্রী সোনিয়া ইসলামের একটি স্বর্ণের কানের দুল, স্বর্ণের চেইনসহ অন্যান্য মূল্যবান মালপত্র চুরি যায়। এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে কাশিয়ানী থানায় চুরির মামলা নথিভুক্ত করা হয়। তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
কাশিয়ানী থানা সূত্র জানায়, গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। সর্বশেষ ভাট্টাইধোবা গ্রামে চুরির ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে আইনগত প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয় তাকে।
এদিকে ওই কিশোরের ছবিসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা পোস্টে তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের দাবি করা হচ্ছে। এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এটি চুরির মামলা। সামাজিক মাধ্যমে রাজনৈতিক মামলার কথা বলে যে প্রচার চালানো হচ্ছে, তা বিভ্রান্তিকর। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। মামলার তদন্ত আইন অনুযায়ী চলছে। তিনি সামাজিক মাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই-বাছাই করার জন্য সবার প্রতি আহ্বান জানান।