ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

হাতকড়া খুলে পালানো ডাকাত ফের গ্রেপ্তার

হাতকড়া খুলে  পালানো ডাকাত  ফের গ্রেপ্তার
×

 গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ০৮:২৭

| প্রিন্ট সংস্করণ

গাজীপুর আদালতের গারদখানার সামনে থেকে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যাওয়া ডাকাত সম্রাট মণ্ডলকে ফের গ্রেপ্তার করা হয়েছে। পালানোর প্রায় ১০ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহ থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

সম্রাট মণ্ডল ডাকাতিসহ ৩২ মামলার আসামি। তিনি কিভাবে আদালতের গারদখানার সামনে থেকে হাতকড়া খুলে পালানোর সুযোগ পেলেন সেই প্রশ্নের জবাব এখনও মেলেনি। 
র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ গতকাল মঙ্গলবার জানান, সোমবার রাত ১২টার দিকে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় র‍্যাব-১ গাজীপুর ও র‍্যাব-১৪ ময়মনসিংহের যৌথ অভিযানে সম্রাট মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-১ জানায়, গত সোমবার দুপুর ২টার দিকে গাজীপুর আদালতের গারদখানার (রিসিভ ডেস্ক) সামনে অন্য আসামিদের সঙ্গে সম্রাট মণ্ডলকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা চলাকালে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় সদর থানার এসআই মঞ্জরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর র‍্যাব-১ ছায়া তদন্ত শুরু করে। র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে সম্রাটের অবস্থান শনাক্ত করা হয়। পরে র‍্যাব-১৪ এর সহযোগিতায় ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকা থেকে পলায়নের প্রায় ১০ ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
সম্রাট মণ্ডলের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাকতাপাড়া গ্রামে। গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া মধ্যপাড়ার চৌধুরী মার্কেট এলাকায় বসবাস করতেন।

আরও পড়ুন

×