ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

রামমূর্তি বিতর্কে আলোচিত হরিদাস কারাগারে

রামমূর্তি বিতর্কে আলোচিত হরিদাস কারাগারে
×

হরিদাস

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ০৮:২৯

| প্রিন্ট সংস্করণ

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার ‘রামমূর্তি’ নির্মাণের ঘোষণা দিয়ে দেশজুড়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণীকে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ময়মনসিংহ জেলা যুগ্ম দায়রা জজ আদালতের (অর্থ ও ঋণ) বিচারক শুনানি শেষে এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আনোয়ার আজিজ টুটুল।

জানা গেছে, ২০১২ সালে হরিদাসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় চেক জালিয়াতির মামলা হয়। বিচার প্রক্রিয়া শেষে আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি সিআইডি তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করলে তাঁকে ময়মনসিংহের আদালতে হাজির করার আবেদন করে পুলিশ।

হরিদাস চন্দ্র গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুর গ্রামের মৃত গোপীনাথ চন্দ্র তরণী দাসের ছেলে। ২০১০ সালে রাজধানীর উত্তরায় পুরোনো এসি মেরামতের কাজ শুরু করেন। ২০১৯ সালে ‘তাওহীদ ইসলাম’ নাম ধারণ করে মনসিংহের ফুলবাড়িয়ায় বিয়ে করেন। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে চাকরি, বদলি ও টেন্ডার পাইয়ে দেওয়ার কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ২০১৮ সালে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। চলতি বছরের জুন মাসে পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার ‘রামমূর্তি’ নির্মাণের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় আসেন হরিদাস। তবে ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে জুনের শেষ ভাগে স্থানীয় মন্দির কমিটি ওই নির্মাণকাজ স্থগিত করে। এর কিছুদিন পরেই গত ১২ জুলাই তাঁর ব্যাংক হিসাবে ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়ে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। 

আরও পড়ুন

×