ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

বিকেলে বাবার দাফন, রাতে ডিউটি; সকালে পরীক্ষার হলে ইকন

বিকেলে বাবার দাফন, রাতে ডিউটি; সকালে পরীক্ষার হলে ইকন
×

ইকন দাড়িয়া

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ১৪:৪৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন, আর সকালে পরীক্ষার হলে হাজির—জীবিকার তাগিদে এমন কঠিন বাস্তবতার মধ্য দিয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন বাগেরহাটের ইকন দাড়িয়া।

বাবার মৃত্যুর শোক সামলে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে গতকাল মঙ্গলবার রাতে কর্মস্থলে ফিরতে হয় তাকে। সারারাত দায়িত্ব পালনের পর আজ বুধবার সকালে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

ইকনের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে পড়েন তার বাবা ইসরাফিল দাড়িয়া (৪৫)। সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিন জোহরের নামাজের পর বাগেরহাট শহরের মুনিগঞ্জ জামে মসজিদে ইসরাফিল দাড়িয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে মরদেহ গোপালগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। বাবার দাফন শেষে রাতেই বাগেরহাট শহরে ফিরে কর্মস্থলে যোগ দেন ইকন। সারারাত রেলরোড এলাকার কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর বুধবার সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরীক্ষায় অংশ নেন।

ইকন বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সংসারের খরচ চালাতে তিনি এটিএম বুথে রাতের শিফটে পার্টটাইম চাকরি করেন।

পরিবার সূত্রে জানা যায়, ইকনের বড় ভাই ইমন একসময় বাবার সঙ্গে মোটরসাইকেল চালিয়ে সংসারে সহযোগিতা করতেন। তবে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর বর্তমানে তিনি মানসিক ভারসাম্যহীন। ফলে পরিবারের একমাত্র উপার্জনের ভরসা হয়ে ওঠেন ছোট ছেলে ইকন।

বাবাকে হারানোর শোকের মধ্যেও সংসারের দায়িত্ব ও নিজের পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে তাকে।

আরও পড়ুন

×