ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বিএনপির নতুন কমিটিতে মৃত নেতা, ক্ষুব্ধ নেতাকর্মী

বিএনপির নতুন কমিটিতে মৃত নেতা, ক্ষুব্ধ নেতাকর্মী
×

 কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৮:৫৩

| প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়ন বিএনপির নবঘোষিত কমিটিতে পাঁচ মাস আগে মারা যাওয়া এক নেতার নাম অন্তর্ভুক্ত হওয়ায় তৃণমূলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
গত সোমবার উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ও সদস্য সচিব মোখলেছুর রহমান স্বাক্ষরিত রামখানা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি প্রকাশ করা হয়। মঙ্গলবার কমিটির তালিকা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়।

কমিটির ১৮ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে রামখানা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাখারগঞ্জ এলাকার বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আফাজ উদ্দিনের নাম। স্থানীয় নেতাকর্মীরা জানান, তিনি চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মারা যান। তাঁর জানাজায় উপজেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছিলেন। এর পরও প্রায় পাঁচ মাস পর প্রকাশিত কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্ত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি উপজেলার সাতটি ইউনিয়নের কমিটিতে এমন অনেককে রাখা হয়েছে, যারা দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন না।
পদবঞ্চিত নেতাকর্মীদের দাবি, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করে সুবিধাভোগীদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, দলীয় গ্রুপিংয়ের কারণেই এমন বিতর্কিত কমিটি গঠন করা হয়েছে। তারা অভিযোগ তদন্ত করে কমিটি পুনর্গঠন এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান।

ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান তাঁর ফেসবুক আইডিতে আফাজ উদ্দিনের কবর জিয়ারতের একটি ছবি পোস্ট করেন। সেখানে উল্লেখ করা হয়, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার নেতৃত্বে রামখানা ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতারা মরহুম আফাজ উদ্দিনের কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফেরাত কামনা করেছিলেন।
আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর পরদিন উপজেলা বিএনপির আহ্বায়কসহ নেতারা আমাদের বাড়িতে এসে কবর জিয়ারত ও দোয়া করেছিলেন।’
রামখানা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক সবুর উদ্দিন বিএসসি বলেন, ‘ভুলক্রমে আফাজ উদ্দিনের নাম কমিটিতে চলে এসেছে।’
উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান বলেন, অতীতে তালিকার খসড়া করা হয়েছিল। সেই তালিকায় আফাজ উদ্দিনের নাম ছিল। তিনি মারা যাওয়ার পর সংশোধন করা হয়নি। এখন সাংগঠনিকভাবে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 
 

আরও পড়ুন

×