ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নেসকোর ছয় কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা

নেসকোর ছয় কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা
×

মামলা দায়েরের পরে রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয় সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৮:৫৬

| প্রিন্ট সংস্করণ

রংপুর নগরীতে গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে পোস্টপেইড বিদ্যুৎ মিটার অপসারণ এবং প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রমকে বেআইনি ঘোষণার দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর ছয় কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ১৫ জন ভুক্তভোগী গ্রাহক।

গতকাল বুধবার রংপুরের সিনিয়র সহকারী জজ আদালতে রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আব্দুল জব্বার সরকারসহ ১৫ জন গ্রাহক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নেসকো রংপুর জোনের প্রধান প্রকৌশলী (অপারেশন) মো. আশরাফুল ইসলাম মণ্ডলসহ ছয় কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। মামলার নম্বর অন্য-৫৪৩/২০২৬।
মামলার এজাহারে বলা হয়েছে, নেসকো রংপুর জোন নগরীর বাসাবাড়ি, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে গ্রাহকদের প্রবল আপত্তি সত্ত্বেও জোর করে পোস্টপেইড মিটার অপসারণ করে প্রিপেইড মিটার স্থাপন করছে। এর ফলে গ্রাহকদের হয়রানি ও আর্থিক শোষণের সুযোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন বাদীরা। তারা আদালতের কাছে নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রমকে বেআইনি ও অবৈধ ঘোষণা করে ঘোষণামূলক ডিক্রি দেওয়ার আবেদন জানিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন পলাশ কান্তি নাগ। সিনিয়র সহকারী জজ আবু বক্কর সিদ্দিক মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

মামলা দায়েরের পর বুধবার দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন হয়। এতে সংগঠনের নেতারা বলেন, আদালত মানুষের শেষ আশ্রয়স্থল। তারা আশা করছেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত হবে।

আরও পড়ুন

×