ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সমবায়ে আমানতের টাকা ফেরত চেয়ে বিক্ষোভ

সমবায়ে আমানতের টাকা ফেরত চেয়ে বিক্ষোভ
×

 নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৮:৫৬

| প্রিন্ট সংস্করণ

পত্নীতলায় স্বপ্ন ভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতিতে জমা রাখা আমানতের টাকা ফেরত চেয়ে মানববন্ধন করেছেন গ্রাহকরা। তারা সমিতির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আমানত আত্মসাতের অভিযোগ তুলে টাকা ফেরত এবং প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। 

গতকাল বুধবার দুপুরে পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার চার রাস্তার মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এ সময় আমানতকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ করেন। বক্তব্য দেন ভুক্তভোগী গ্রাহক আবু বক্কর সিদ্দিক, আসাফউদ্দৌলা চৌধুরী টগর, রোকছানা পারভীন লাকি, নূর ইসলাম বাবুসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, ২০২০ সালে নজিপুর পৌরসভার নতুনহাট এলাকায় ওবায়দুল ইসলাম নান্টু, আপেল মাহমুদসহ কয়েকজন ‘স্বপ্ন ভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ প্রতিষ্ঠা করেন। অধিক মুনাফার আশ্বাস দিয়ে তারা স্থানীয়দের কাছ থেকে কয়েক কোটি টাকা আমানত হিসেবে সংগ্রহ করেন। পরে জমা করা অর্থ কিংবা প্রতিশ্রুত লভ্যাংশ ফেরত চাইলে নানা অজুহাতে টালবাহানা শুরু হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অধিকাংশ গ্রাহক তাদের টাকা ফেরত পাননি বলে অভিযোগ করেন। এক পর্যায়ে ভুক্তভোগীরা সমিতির সভাপতি, সহসভাপতি, সম্পাদক ও কয়েকজন সদস্যের বিরুদ্ধে পত্নীতলা থানায় অভিযোগ করেন।

অভিযোগকারী আবু বক্কর সিদ্দিক জানান, তিনি একাই ১৬ লাখ টাকা আমানত রেখেছেন। এ ছাড়া আসাফউদ্দৌলা চৌধুরী, রোকছানা পারভীন লাকি, নূর ইসলাম বাবু, মিনা খাতুন, হবিবর রহমান, মুক্তি রানীসহ আরও অনেক গ্রাহক কয়েক লাখ টাকা করে সমিতিতে জমা রেখেছেন। সব মিলিয়ে সমিতিতে কয়েক কোটি টাকার আমানত আটকে রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, মানববন্ধনের কর্মসূচি ঘোষণার পর আন্দোলনে অংশ নিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ কারণে তারা নিজেদের নিরাপত্তার পাশাপাশি তাদের পরিশ্রমের টাকা ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। 
স্বপ্ন ভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, ‘ব্যবসায়িকভাবে আমরা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছি। এ কারণে নির্ধারিত সময়ে টাকা পরিশোধে সমস্যা হয়েছে। গ্রাহকদের ধৈর্য ধরতে বলেছি এবং পর্যায়ক্রমে সবার পাওনা পরিশোধের চেষ্টা করছি। ইতোমধ্যে কয়েকজনকে লভ্যাংশ দেওয়া হয়েছে।’ হুমকির বিষয়ে তিনি বলেন, ‘আমরা কাউকে ভয়ভীতি বা হুমকি দেইনি।’ থানার ওসি নিয়ামুল হক বলেন, ‘অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
 

আরও পড়ুন

×