ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

তালাবদ্ধ ব্যাগে বোমা আতঙ্ক খুলে মিলল পুরোনো কাপড়

তালাবদ্ধ ব্যাগে বোমা আতঙ্ক খুলে মিলল পুরোনো কাপড়
×

সোনারগাঁর কাঁচপুরের ইউনাইটেড ফিলিং স্টেশনে শনিবার রাতে বোমা সন্দেহে তালাবদ্ধ একটি ব্যাগ ঘিরে রয়েছেন ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ছবি: সমকাল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১০:০৯ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ | ১০:১০

সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ইউনাইটেড ফিলিং স্টেশনে বোমা সন্দেহে তালাবদ্ধ একটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শনিবার সন্ধ্যা থেকে মধ্যেরাত রাত পর্যন্ত এই আতঙ্ক দেখা যায়। খবর পেয়ে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার অভিযানের পর ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে কোনো বিস্ফোরক নয়; ছিল ছেঁড়া পুরোনো কাপড়। এ ছাড়া একটি পার্স, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়।

জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইউনাইটেড ফিলিং স্টেশনের ভেতরে একটি কালো রঙের তালাবদ্ধ ব্যাগ রেখে যান এক নারী। ব্যাগটি দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখেন পাম্প কর্মচারীরা। সন্দেহ ও আতঙ্ক তৈরি হলে রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পাম্পটির আশপাশের দোকানপাট বন্ধ করে পুরো এলাকা ঘিরে রাখে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। রাত ২টার দিকে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ পদ্ধতিতে ব্যাগটি পরীক্ষা শুরু করে। রাত সোয়া ২টার দিকে ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নেই।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ব্যাগের ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। ব্যাগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর মধুপুর এলাকার বাসিন্দা মোছা. রেখা বেগমের জাতীয় পরিচয়পত্র, তাঁর স্বামী মোশারফ সরকারের নামে একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স, একটি পার্স ও ছেঁড়া কাপড়চোপড় পাওয়া গেছে। কী উদ্দেশ্যে ব্যাগটি এখানে ফেলে যাওয়া হয়, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×