ধলাই নদী থেকে বালু তোলার প্রতিবাদ
কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু তোলার প্রতিবাদে গতকাল সোমবার স্থানীয়দের মানববন্ধন সমকাল
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ০৮:১৬
| প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোবর্দ্ধনপুর এলাকায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। বসতভিটা, কৃষিজমি ও কবরস্থান রক্ষার দাবি জানিয়ে গত রোববার বিকেল সাড়ে ৫টায় এলাকাবাসী ধলাই নদীর পারে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবদাল হোসেন, মো. হারুনুর রশীদ, তারেক মিয়া, আজিজুর রহমান, সফিক মিয়া ও সমির মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধলাই নদীর গোবর্দ্ধনপুর এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে নদীতে ভাঙন বেড়ে যাওয়ায় বাঁধ, বসতভিটা, কৃষিজমি ও কবরস্থান মারাত্মক হুমকির মুখে পড়েছে। দ্রুত বালু তোলা বন্ধ করে নদীর বাঁধ ও জনসাধারণের সম্পদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
জানা যায়, উপজেলার ধলাই নদীর গোবর্দ্ধনপুর, ধলাইপাড়, কুমড়াকাপনসহ বিভিন্ন স্থান থেকে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন চলছে। ইজারা নিয়ে নির্ধারিত স্থান ও ইজারা বহির্ভূত স্থান থেকেও বালু তোলা হচ্ছে। এতে অনেক স্থানে নদীর বাঁধ, কৃষি জমি, বসতভিটা ও সড়ক হুমকির মুখে পড়েছে। তবে বালু উত্তোলনকারীদের দাবি, তারা বৈধ বালু মহাল ইজারা নিয়ে নিয়ম মেনে নদী থেকে বালু তুলছেন। এতে নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে না।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি তিনি জেনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- প্রতিবাদ