ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ছয় সপ্তাহ ধরে মজুরি বন্ধ শ্রমিকদের অবস্থান কর্মসূচি

ছয় সপ্তাহ ধরে মজুরি বন্ধ শ্রমিকদের অবস্থান কর্মসূচি
×

কমলগঞ্জের দেওড়াছড়া চা বাগানের সামনে বকেয়া দাবিতে সোমবার শ্রমিকদের অবস্থান সমকাল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ০৮:১০

| প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে টানা ছয় সপ্তাহ ধরে সাপ্তাহিক মজুরি (তলব) বন্ধ রয়েছে। এই ঘটনার প্রতিবাদে কারখানা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা। গতকাল সোমবার সকাল থেকে দিনব্যাপী কারখানার সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, টানা দেড় মাস মজুরি না পাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দশায় পড়েছেন। দৈনন্দিন বাজার-সদাই করাই কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে সন্তানদের পড়াশোনা ও অসুস্থ স্বজনদের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
শ্রমিকরা জানান, পরিবার বাঁচাতে বাধ্য হয়ে অনেকেই চড়া সুদে ঋণ নিচ্ছেন। দীর্ঘদিন পারিশ্রমিক না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। দ্রুততম সময়ে সব বকেয়া মজুরি পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।
১ নম্বর রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য সিতাংশু কর্মকার বলেন, দ্রুত চা শ্রমিকদের এই মানবিক সংকটের সমাধান না হলে তারা আরও কঠোর ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের জন্য জরুরি ভিত্তিতে সরকারি সহায়তাও প্রয়োজন।
দেওড়াছড়া চা বাগানের ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান বলেন, বাংলাদেশ চা বোর্ডের সঙ্গে কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে জটিলতা চলছে। আলোচনার মাধ্যমে দ্রুতই বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে যত দ্রুত সম্ভব শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 

আরও পড়ুন

×