জুলাইয়ের সব শক্তির প্রতি ঐক্যের আহ্বান তথ্যমন্ত্রীর
জুলাই গণঅভুত্থান দিবস উপলক্ষে আলেচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি- সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ২১:১০ | আপডেট: ০৫ আগস্ট ২০২৬ | ২১:২২
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জুলাইয়ের সব শক্তির প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, যে ঐক্যের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং শহীদদের রক্তের বিনিময়ে সংসদ ফিরে এসেছে, সেই সংসদকেই রাজনীতির একমাত্র কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। এর ব্যত্যয় জনগণ মেনে নেবে না। এ লক্ষ্য অর্জন করা গেলে শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত হবে।
বুধবার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশাল নগরের আমতলা মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত সংসদকে একটি কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া সব গণতান্ত্রিক শক্তি অর্জিত বিজয়কে ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে তা সংসদের বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধ প্রতিষ্ঠার বিকল্প নেই। সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো অনৈতিক কর্মকাণ্ড বাধা হয়ে দাঁড়ালে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে।
এর আগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও জুলাই শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ।
- বিষয় :
- জুলাই গণঅভ্যুত্থান
- আলোচনা সভা
- তথ্যমন্ত্রী