শমশেরনগর ইউনিয়ন পরিষদ
জনপ্রতিনিধি-প্রশাসনিক কর্মকর্তা না থাকায় ব্যাহত হচ্ছে কাজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ০৮:৫৩ | আপডেট: ০৬ আগস্ট ২০২৬ | ১১:৪৯
| প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪ নম্বর শমশেরনগর ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান কিংবা দায়িত্বপ্রাপ্ত কোনো প্রশাসনিক কর্মকর্তা না থাকায় কার্যত অচল হয়ে পড়েছে নাগরিক সেবা। গত ৯ জুলাই ২০২৬ থেকে পরিষদে কার্যকর কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।
এ দিকে জন্মনিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় রেজিস্টার আইডি সক্রিয় না থাকায় জন্মনিবন্ধন সংশোধন, নতুন জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, বিভিন্ন প্রত্যয়নপত্রসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো প্রায় বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দা কয়র আহমদ ও আলমগীর হোসেন জানান, প্রতিদিন শত শত সেবাপ্রত্যাশী ইউনিয়ন পরিষদে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো সেবা না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, একটি ইউনিয়নের নাগরিক সেবা সপ্তাহের পর সপ্তাহ অচল থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। প্রশাসনিক উদাসীনতার কারণে সাধারণ মানুষকে আকস্মিক হয়রানি ও ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, প্রবাসীরা, বয়স্ক ভাতাগ্রহীতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ প্রয়োজনীয় কাগজপত্রের জন্য বিপাকে পড়েছেন।
স্থানীয় সচেতন মহল বলছেন, একটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বা দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ছাড়া দীর্ঘদিন নাগরিক সেবা বন্ধ থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি জনগণের সাংবিধানিক ও মৌলিক নাগরিক অধিকারকে ক্ষুণ্ন করছে। এলাকাবাসীর জোরালো দাবি, অবিলম্বে শমশেরনগর ইউনিয়ন পরিষদে একজন দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা অথবা চেয়ারম্যানের দায়িত্ব নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জন্মনিবন্ধনের রেজিস্টার আইডি দ্রুত সচল করে সব ধরনের নাগরিক সেবা পুনরায় চালু করতে হবে।
স্থানীয় সরকার বিভাগ, আইন-১ শাখার ৫ জুলাই ২০২৬ তারিখের স্মারকপত্র অনুযায়ী জানা যায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৪ নম্বর শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ দীর্ঘকাল ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় ওই ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা আইসিটি অফিসার, কমলগঞ্জকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়। সে প্রেক্ষিতে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ সংক্ষুব্ধ হয়ে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-৩২৯৫/২০২৬ দায়ের করেন। ওই রিট মামলায় হাইকোর্ট বিভাগ শুনানি শেষে গত ২৭ এপ্রিল তারিখে প্রতিপক্ষগণের প্রতি কারণ দর্শানোসহ রুল নিশি জারি করেন এবং ওই তর্কিত ৬ মাসের স্থগিতাদেশ প্রদান করেন। হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রুল ও আরজি অনুযায়ী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত প্রাক্তন স্মারকের প্রশাসক নিয়োগ আদেশটি ৬ মাসের জন্য স্থগিত করা হয়।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ জানান, তাঁর চেয়ারম্যান পদ বহাল রয়েছে। দীর্ঘ ৭ মাস কারাবাসের পর দায়িত্ব ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন এবং পরে হাইকোর্টে রিট করলে আদালত তাঁর পক্ষে আদেশ দেন। সে অনুযায়ী গত ৮ জুলাই দায়িত্ব গ্রহণের জন্য চিঠি পেলেও পরে তাঁর স্বাক্ষর ছাড়া পরিষদের কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। জনস্বার্থের অর্থে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন এবং আশা করছেন ন্যায়বিচার পাবেন এবং জনগণের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন দ্রুত আইনানুগ ব্যবস্থা নেবে।
কমলগঞ্জ ইউএনও আসাদুজ্জামান জানান, শমশেরনগরের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধনসহ সব সেবা পায় তা নিশ্চিত করা হবে।
- বিষয় :
- মৌলভীবাজার