৩৫ কিমি ভাটিতে মিলল পদ্মায় তলিয়ে যাওয়া শিশুর লাশ
নূরিয়া খাতুন
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ০৮:৩৬
| প্রিন্ট সংস্করণ
পদ্মা নদীর পার ধসে কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজ মোছা. নূরিয়া খাতুনের (৮) মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলের প্রায় ৩৫ কিলোমিটার দূরে জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকার মীর আব্দুল করিম কলেজের কাছে নদীতে পাওয়া যায় তার মরদেহ। গত বুধবার দুপুরে দৌলতপুরের মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে দুর্ঘটনার শিকার হয় শিশুটি।
নূরিয়া খাতুন ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মো. আশিক শেখ ও মোছা. নূরনাহার খাতুনের মেয়ে। ভুরকাপাড়া গ্রামের ভাঙনকবলিত পদ্মার তীরে গত বুধবার দুপুরে দাঁড়িয়ে ছিল নূরিয়া ও ভুরকাপাড়ার জামিলা খাতুন (৭)। হঠাৎ তাদের বসে থাকা অংশটি স্রোতে ভেঙে পড়ে। নদীতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় কিছু তরুণ-যুবক জামিলাকে তুলে আনেন। তবে সেদিন নূরিয়ার খোঁজ মেলেনি।
মিরপুরের শিমুলতলা গ্রামের বাসিন্দা বিথী খাতুন জানান, শিশুটির লাশ গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ভেসে ভাটির দিকে যাচ্ছিল। স্থানীয় লোকজন নদী থেকে মরদেহ টেনে কিনারে এনে রাখেন। ৯৯৯-এ কল করে তারা পুলিশে খবর দেন। বিকেল সাড়ে ৫টার দিকে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেন।
পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমাদের নৌ পুলিশের একটি দল দ্রুত গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরিবারকে খবর দেওয়া হলে তারা লাশটি নূরিয়ার বলে নিশ্চিত করেন।
- বিষয় :
- লাশ উদ্ধার