ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সেন্টমার্টিন দ্বীপের সুরক্ষায় মহাপরিকল্পনা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

সেন্টমার্টিন দ্বীপের সুরক্ষায় মহাপরিকল্পনা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী
×

ছবি: সমকাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ২১:৫২ | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ | ২২:১২

সেন্টমার্টিন দ্বীপ নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের মহাপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপে ২০ হাজার চারাগাছ রোপণ ও সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বাংলাদেশ কোস্ট গার্ড, বিজিএসের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনরুট ফাউন্ডেশন দ্বীপে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

আয়োজনে প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে যারা বসবাস করছেন তারা দ্বীপেরই গুরুত্বপূর্ণ অংশ। দ্বীপটা তারাই লালন করছেন, ধারণ করছেন। দ্বীপের সঙ্গে তাদের মমত্ব গড়ে উঠেছে। অনেক প্রতিকূলতার ভেতরেও তারা দ্বীপে অবস্থান করছেন।’

তিনি বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপ নিয়ে অন্তর্বর্তী সরকারের একটা সুপারিশ পেয়েছি। আমাদের সরকার জনগণের নির্বাচিত সরকার। জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, আমাদের সার্বভৌমত্ব এবং দ্বীপের প্রতিবেশ-পরিবেশ সুরক্ষা ও অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে সবকিছু সমন্বয় করে আমরা একটা পরিকল্পনা করব।’

মহেশখালীতে প্যারাবন কাটার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা এসব কাজে প্রশ্রয় দিচ্ছি না। আমাদের কাছে যেসব তথ্য আসছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।’

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী আয়োজনে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বিরূপ প্রভাব থেকে এই দ্বীপকে সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জ্য অপসারণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা, সুরক্ষাও নিশ্চিত করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন এনরুট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. তারিকুল হক, হেড অব প্রোগ্রাম জুবায়ের ইবনে হাসনাত অভি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কক্সবাজার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক, ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা কোঅর্ডিনেটর ছোটন বড়ুয়া, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকেরা জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিগত ৩ বছরে সারাদেশে ৩২ লাখ বৃক্ষরোপণ সম্পন্ন করেছে। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে আগামী ৫ বছরে দেশজুড়ে ৭৫ লাখ চারা রোপণ করবে সংস্থাটি।

আরও পড়ুন

×