ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

১৬ বছরে সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধাকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

১৬ বছরে সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধাকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী
×

নবীনবরণ অনুষ্ঠানে কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সমকাল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ২২:১১ | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ | ২২:২৫

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, গত ১৬ বছরে ফ্যাসিস্টদের আমলে এই বাংলাদেশে কী পরিমাণ রক্তপাত হয়েছে; তার অনেক কিছুই প্রকাশ হয়নি। আমরা যারা গণতন্ত্র, আইনের শাসনের কথা বলেছি। কথা বলতে গিয়ে আমাদের সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধাকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১টার দিকে জেলা শহরের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা যখন মানুষের ভোটের অধিকারের কথা বলতে গেছি, সাত শ’র উপরে সহযোদ্ধাকে গুম করা হয়েছে। যাদের স্বজনেররা এখনও ফজর কিংবা তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজের পাটিতে বসে স্বজনের প্রতীক্ষায় থাকেন। ২০২৪ সালের জুলাই মাসে মাত্র ২০ দিন সময়ে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪শ’ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। কারও হাত, পা, মাথার খুলি নেই। কেউ কেউ গুলিবিদ্ধ অবস্থায় আছে। 

আসাদুজ্জামান বলেন, এরকম যখন একটি বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশে যারা সামনের কাতারে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে সেই জেনারেশনের নাম হচ্ছে জেন-জি। আমাদের সন্তানেরা এই বাংলাদেশের হাল ধরেছে এবং আগামী দিনে এই বাংলাদেশ কখনও বিপথগামী হবে না। আজকে যদি আমিও স্বৈরাচার হয়ে উঠি, আমি বিশ্বাস রাখি; আমার সন্তান আমাকে প্রশ্ন করবে যে আমি সঠিক কাজটি করছি না। এটাই জেন-জি জেনারেশন।

এদিন বিকেলে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ‘জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল’ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানসহ অন্য অতিথিরা। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এদিকে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এই স্টেডিয়ামকে আমরা পূর্ণাঙ্গ স্টেডিয়ামে নিয়ে যাবো অদূর ভবিষ্যতে। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে প্রতিটি তৃণমূলের কিশোর-কিশোরীর প্রতিভা অন্বেষণের মাধ্যমে আমরা ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছি।

আরও পড়ুন

×